সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম খসরুকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি বলেন, নাশকতা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রফিকুল ইসলাম জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।
সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ এনে গত ৭ নভেম্বর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহসান বাদী হয়ে বিএনপির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
