মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০২
আজকের সর্বশেষ সবখবর

সিলেট-রিয়াদ ফ্লাইট চালুর দাবি ৭ লাখ রেমিট্যান্স যোদ্ধার

সিলেটের সকাল রিপোর্ট:
এপ্রিল ২২, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সাত লাখ সিলেটি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও বৈদেশিক বাণিজ্যের স্বার্থে সিলেট-রিয়াদ ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন রিয়াদ কমিউনিটি নেতৃবৃন্দ। তারা জানান, শুধুমাত্র সিলেট-রিয়াদ সরাসরি ফ্লাইট না থাকায় অনেক ধরনের হয়রানি ও বিপুল পরিমাণ আর্থিক লোকসানের পাশাপাশি ও ভোগান্তিরও শিকার হচ্ছেন প্রবাসীরা। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তারা।
রিয়াদ কমিউনিটি নেতৃবৃন্দের পক্ষে লিখিত বক্তব্যে হাফিজ ফুজায়েল আহমদ জানান, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন। যারা দেশের উন্নয়ন ও অর্থনীতিতে বড় ধরনের অবদান রেখে যাচ্ছেন। এর মধ্যে দেশটির রাজধানী রিয়াদে রয়েছেন সিলেট বিভাগের প্রায় ৭ লাখ প্রবাসী। বিপুল সংখ্যক এই প্রবাসীরা নানা ধরনের বৈষম্য ও বঞ্চনার শিকার। রিয়াদের সঙ্গে সিলেট থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট না থাকায়, বিপুল সংখ্যক প্রবাসী বিদেশি এয়ারলাইন্সের মাধ্যমে দেশে আসতে বাধ্য হচ্ছেন। এতে অর্থনৈতিক আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ।
প্রবাসী নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ বিমানের সিলেট-রিয়াদ ফ্লাইট চালু হলে সিলেট বিভাগের ৭ লাখ প্রবাসীর দেশে যাতায়াত সুগম হওয়ার পাশাপাশি সৌদি আরবের রাজধানী রিয়াদের সাথে পুণ্যভূমি সিলেটের সরাসরি সংযোগের ফলে এই অঞ্চলের বাণিজ্যিক প্রবৃদ্ধি দ্রুত বেড়ে যাবে । সিলেটের চা, ফলমূল, শাক-সব্জি, মাছ ও কৃষিসহ বিভিন্ন পণ্য সরাসরি রপ্তানি করা যাবে রিয়াদ ও সৌদি আরবে। এ জন্য সৌদি আরবের কোনো এজেন্সিও লাগবে না। সিলেটের ব্যবসায়ীরা নিজেরাই রপ্তানি করতে পারবেন। এতে তৃণমূল পর্যায়ের খামারি থেকে নিয়ে রপ্তানিকারক সকলেই উপকৃত হবেন।
সংবাদ সম্মেলনে রিয়াদ কমিউনিটি নেতৃবৃন্দ আরো জানান, এ বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে দাবি না জানালেও তৎকালীন বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন এবং বিমান রিয়াদের তৎকালীন ব্যবস্থাপক শোয়েব আহমদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন। এ ব্যাপারে তাদেরকে আশ্বস্তও করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার দেশে বাণিজ্যের প্রসার ও বিনিয়োগ বাড়াতে তৎপরতা চালাচ্ছে বিধায় সিলেট-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু যুগান্তকারী পদক্ষেপ হতে পারে বলে মন্তব্য করেন। এ বিষয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং সর্বোপরি সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ করে দেশে বিনিয়োগ বাড়ানোর পথকে সুগম করার আহবান জানান তারা।
সংবাদ সম্মেলনে রিয়াদ কমিউনিটি নেতৃবৃন্দের পক্ষে আরো উপস্থিত ছিলেন জালালাবাদ এসাসিয়েশন সৌদি আরবের সাবেক সভাপতি কাপ্তান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বদরুল আলম মুকিত, সিলেট বিভাগ গণদাবি পরিষদ নেতা আব্দুল গফ্ফার, সৌদি আরব প্রবাসী কমিউনিটি নেতা জুনেদ আহমদ ও আনোয়ার হোসেন, সিলেট সদর উপজেলা বিএনপি সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আবদুল আজিজ ও সাংগঠনিক সম্পাদক আকবর আলী, রিয়াদ খেলাফত মজলিস নেতা আলী নূর প্রমুখ। #

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।