মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০১
আজকের সর্বশেষ সবখবর

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ধস

ফখর উদ্দিন
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের এক পাশে প্রায় ২শ’ ফিট সড়কের ধস ও ভিতর থেকে মাটি চলে গেছে। ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের কাজ করায় সড়কের এমন দশা বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়রা জানান, সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের বর্ণী এলাকায় সড়কের এক পাশের ব্লকগুলো ধসে গেছে এবং ওই অংশের ভিতর থেকে মাটি পাশের খালে পড়ে গেছে। যার কারণে সড়কটি ধসে যেকোনো সময় যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের কিছু কর্মকর্তাদের সহযোগিতায় ঠিকাদার প্রতিষ্ঠানটি নিম্নমানের কাজ করায় সড়কের এমন দশা। অল্প বৃষ্টিতে ব্লক ধস, সড়কের ভিতর থেকে মাটি চলে যাচ্ছে। সড়কের নির্মাণ কাজ শুরুর সময়ে পাথর, সিমেন্টসহ বিভিন্ন ধরনের নিম্নমানের সামগ্রী ব্যবহার করা নিয়ে অভিযোগ তুলেছিলেন তারা। মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচিও পালন করেছিলেন তারা।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০১৭ সালের শুরুর দিকে সিলেট ওসমানী বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলগঞ্জ পর্যন্ত যাতায়াতের জন্য এ সড়কের কাজ শুরু হয়। ৩৭ কিলোমিটার দীর্ঘ ও ২৪ ফুট প্রস্থের সড়কটি নির্মাণের শুরুর দিকে এ প্রকল্পের ব্যয় ৪১৫ কোটি ৫০ লাখ টাকা ধরা হলেও প্রকল্পের মেয়াদ দু’দফা বাড়িয়ে সবশেষ ব্যয় ধরা হয়েছে ৬২৬ কোটি ৯২ লাখ টাকা। সড়কটি নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে ২০ কোটি ৮৯ লাখ টাকা। ২০২২ সালের ২১ ডিসেম্বর সড়কটি উদ্বোধন করা হয়।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, আগামীকাল সড়কটির মেরামতের কাজ শুরু হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।