সিলেটের শত বছরের ঐতিহ্যের স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সময় টেলিভিশনের সিলেট ব্যুরো চিফ ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার ও ঢাকা ট্রিবিউনের সিলেট বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার নগরের সুবিদবাজারস্থ প্রেসক্লাবের নিজস্ব ভবনে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন। দ্বি-বার্ষিক এই নির্বাচনে ৫৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ইকরামুল কবির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইত্তেফাক-এর সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশিদ চৌধুরী পান ৩৪ ভোট ও আবদুল কাদির তাপাদার পান ৭ ভোট। ইকরামুল কবির এর আগে দুই দফা সিলেট প্রেসক্লাবের সভাপতি ছিলেন।
সাধারণ সম্পাদক পদে ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আফতাব উদ্দিন পান ৩৫। কবীর আহমদ সোহেল পান ১০ ভোট। মোহাম্মদ সিরাজুল ইসলাম এর আগে ২০১৪-১৫ সেশনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
সহ-সভাপতির দুটি পদে যথাক্রমে খালেদ আহমদ (৫৭) এবং বাপ্পা ঘোষ চৌধুরী (৫২) নির্বাচিত হয়েছেন। এ পদে ৩০ ভোট পেয়েছেন মো. ফয়ছল আলম ।
সহ-সাধারণ সম্পাদক পদে ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট প্রতিনিধি শুয়াইবুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ আহমদ পেয়েছেন ৩০ ভোট। এছাড়া এ পদে ফয়সাল আমীন ১৭ এবং দিগেন সিংহ ১৪ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন-এনটিভির ক্যামেরাপার্সন আনিস রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার নূর আহমদ পান ৪৬ ভোট। ক্রীড়া সম্পাদক পদে ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শেখ আব্দুল মজিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএম তুরাব পেয়েছেন ৩৬ ভোট। মাত্র ১ ভোটের ব্যবধানে ৪৮ ভোট পেয়ে পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন কবির আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মুহিবুর রহমান পেয়েছেন ৪৭ ভোট।
এছাড়াও, সদস্য পদে সর্বোচ্চ ৬৩ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন সিলেট মিরর-এর আলোকচিত্রী শেখ আশরাফুল আলম নাসির। এছাড়া যথাক্রমে ৫৩ ভোট পেয়ে -ডেইলি ট্রাইব্যুনালের আব্দুর রাজ্জাক দ্বিতীয় ও ৪৯ ভোট পেয়ে দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার সুনীল সিংহ সদস্য নির্বাচিত হয়েছেন।
