রবিবার , ৫ মে ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ডেস্ক রিপোর্ট
মে ৫, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে সিলেটে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। ১ জন উপজেলা চেয়ারম্যান ও ৪ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর এই মনোনয়নপত্র স্থগিত করা হয়। রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সিলেটের রিটার্নিং কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান তাদের মনোনয়নপত্র স্থগিত করেন।

তারা হলেন- বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ নুরুল ইসলাম জিতু, বিয়ানীবাজার উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক রুনু ও আব্দুল আলিম এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসলেহ উদ্দিন আহমদ ও দুর্জয় দাস রতন।

বালাগঞ্জ উপজেলা নির্বাচনে ১১ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী শেখ নুরুল ইসলাম জিতুর শিক্ষাগত যোগ্যতার তথ্যে গড়মিল থাকায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে।

বিয়ানীবাজারে ২২ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী মনোনয়ন জমা দেন। তাদের মধ্যে ২ ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক রুনু ও আব্দুল আলিমের হলফনামার তথ্য ঘাটতি থাকায় মনোনয়ন স্থগিত করা হয়।

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। তাদের মধ্যে ২ ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন আহমদ ও দুর্জয় দাস রতনের হলফনামার তথ্য ঘাটতি থাকায় মনোনয়ন স্থগিত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।