সিলেটে ৫০ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (৭ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবি জানায়, শুক্র ও শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, শুটকি, অলিভ ওয়েল, বিড়ি, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ইজি বাইক এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। যার আনুমানিক বাজারমূল্য- ৫০ লাখ ৭৩ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
