সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে ২৮২ বোতল বিদেশী মদসহ ১ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার দিবাগত রাতে গোয়াইনঘাট উপজেলার বাঘেরপাড় বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. খালেদ আহমেদ (২৯) গোয়াইনঘাট উপজেলার ৫নং আলীরগাঁও ইউপির খাগড়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে।
র্যাব জানায়, রোববার দিবাগত রাত ১ টার দিকে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন সিলেট-তামাবিল হাইওয়ে সড়কের বাঘেরপাড় বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৮২ বোতল বিদেশী মদসহ ১ জনকে আটক করা হয়।
সোমবার বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক তাকে ও জব্দকৃত আলামত সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
