সিলেটে ১ কোটি ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা শ্রীপুর, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই এবং সোনারহাট বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় সুপারি, মহিষ, স্কিন সানরাইজ ক্রিম, গরুর মাংস, পন্ডস্ ফেইসওয়াশ, বিভিন্ন প্রকার পুরাতন মোবাইল, মদ এবং অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১০ লাখ ৭২ হাজার ৬৯৯ টাকা।
এ ব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সিলেট জেলার সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
