সিলেটে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ১০ দিনে ৮২০ বোতল ভারতীয় মদ ও ৫৮৪ বস্তা চিনিসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। গত ১৮ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত উদ্ধারকৃত এই মাদক ও চিনি সহ তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
গত ২০ জুলাই সকালে কোম্পানীগঞ্জের ইসলামপুরের গ্রামীণ ব্যাংকের সামনে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়ক থেকে একটি বালুভর্তি ট্রাক থেকে ছোট বড় ৮২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসময় মদ পরিবহনে ব্যবহৃত ১টি হলুদ-নীল রংয়ের ৭ টনি ট্রাক আটক করা হয়। ট্রাকে থাকা চালক, সহকারী ও আরো ২/৩ জন পালিয়ে যায় বলে পুলিশ জানায় এবং এবিষয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গত ২৩ জুলাই রাতে গোলাপগঞ্জের ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়নের লক্ষণাবন্দ পশ্চিমপাড়া থেকে একটি ট্রাক আটক করা হয়। এসময় ট্রাকটি চেক করে ট্রাকে ৩৫৯ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করা হয় ও পরিবহন কাজে নিয়োজিত থাকা ট্রাকটি জব্দ করা হয় এবং গোলাপগঞ্জ থানায় মামলা করা হয়। আরো তিনজন এসময় পালিয়ে যায়।
আটককৃতরা হলেন- চাপাইনবাবগঞ্জের মোঃ সোহবুল ইসলাম (৩৬) ও শামীম (৩৫)।
গত ২৫ জুলাই ভোরে গোয়াইনঘাটের ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজারস্থ ড্রাইভার সমিতির অফিসের সামনে পিউলির মাঠে একটি পিকআপ থেকে ৫০ বস্তা ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক করা হয়। এসময় ওই পিকআপটি জব্দ করা হয় ও গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়।
আটককৃতরা হলেন- চাঁদপুরের মো. হাসান পাঠান (৩৫), সুনামগঞ্জের মো. জাকির হোসেন (২৫) ও নারায়ণগঞ্জের আরমান আলী (১৮)।
ওইদিন রাতে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের নাইন্দার হাওরের পাড়ে একটি নৌকা থেকে ৭৫ বস্তা ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক করা হয়। এসময় পরিবহন কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয় এবং তাদেও নামে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলেন- ওই উপজেলার শাহিন (২২), মো. মঞ্জুরুল (৩০) ও নিজাম উদ্দিন (৩০)।
গত ২৬ জুলাই রাতে জৈন্তাপুরের ১নং নিজপাট ইউনিয়নের জৈন্তা বাজারে একটি ডিআই পিকআপে ৬০ বস্তা ভারতীয় চিনিসহ ১ জনকে আটক করা হয়েছে। ৬০ বস্তা চিনির আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৪ হাজার টাকা। এসময় ওই পিকআপটি জব্দ ও জৈন্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত কামাল আহমেদ (২২) জৈন্তাপুরের বাসিন্দা।
এদিকে গত ২৭ জুলাই রাতে কোম্পানীগঞ্জের উত্তর রনিখাই ইউনিয়নের খাগাইল পেট্রোল পাম্প এলাকায় একটি পিকআপ গাড়ি রেখে ৪ জন লোক দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে তিনজনকে আটক করা হয়। তখন ওই পিকাপটি চেক করে ৪০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয় এবং কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
আটককৃতরা হলেন- হাবিব মিয়া (২৪), খালেদ আহমেদ (১৯), মিজানুর রহমান (৩০)।
এবিষয়ে সিলেট জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়োজিত সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বিত হয়ে কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সুধী সমাজের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সাথে নিয়ে চোরাচালান ও মাদক নির্মূলে একযোগে সিলেট জেলা পুলিশ কাজ করবে।
