মঙ্গলবার , ২০ মে ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ১০৪ তম “চা শ্রমিক দিবস” পালিত

ডেস্ক রিপোর্ট
মে ২০, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

#মর্যাদাপূর্ণ মানবিক জীবন প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করুন- বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন

সিলেটে ১০৪ তম “চা শ্রমিক দিবস” পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে লাক্কাতুরা চা বাগানে মিছিল, সমাবেশ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সকাল ৯টায় সবুজ সংঘ মাঠ থেকে মিছিল শুরু হয়ে লাক্কাতুরা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার আহবায়ক বীরেন সিংয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আবু জাফর,উজ্জ্বল রায় ও প্রণব জ্যোতি পাল, ফেডারেশনের সদস্য হৃদয় লোহার, জরিনা বেগম,উষামনি গঞ্জু,জেনী মুদি প্রমূখ।

এছাড়াও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে হিলুয়াছড়া, কেওয়া ছড়া, খাদিম, খান চা বাগান, তারাপুর চা-বাগানসহ সিলেট ভ্যালির অন্যান্য বাগানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রসেনজিৎ রুদ্র,শিপন পাল, রত্না বসাক, নিপা মুদি,অজয় বাউরি,শয়ন সিং, দীপা দাস, কল্পনা সিং,রতন বাউরি, উষা বুনার্জী, পঞ্চমী লোহার প্রমুখ।

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে লাক্কাতুরা বাগানে শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, বাগান মালিকদের প্রতারণা -বঞ্চনা-শোষণের বিরুদ্ধে গড়ে উঠা ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটে ১৯২১ সালে ২০ মে। ইতিহাসে যুক্ত হয় মালিকশ্রেণী কর্তৃক শ্রমজীবী মানুষকে পৈশাচিকভাবে হত্যার একটি ঘৃণতম ঘটনা। বক্তারা চা শ্রমিকদের ঐতিহাসিক দিনটিকে চা শ্রমিকদের মুক্তির আন্দোলনের স্মারক ‘চা শ্রমিক দিবস ‘ হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্ববেতনে ছুটি ঘোষণার আহবান জানান।

বক্তারা আরও বলেন, ব্রিটিশ-পাকিস্তানিদের তাড়িয়ে দিয়ে স্বাধীনতার ৫৪ বছর পরও চা শ্রমিকদের বঞ্চনার পরিসমাপ্তি হয়নি। শিক্ষা-চিকিৎসার ন্যূনতম আয়োজন নেই, নেই ভূমির মালিকানা।বক্তারা মর্যাদাপূর্ণ মানবিক জীবন প্রতিষ্ঠার জন্য বৈষম্য দূর, শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ, বসত ভিটার স্থায়ী বন্দোবস্ত নিশ্চিত করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।