সিলেটে ১০০ বস্তা ভারতীয় চিনিসহ ১ জনকে আটক করেছে পুলিশ। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃত মো. দিলদার আহমদ (২৪) সিলেটের গোয়াইনঘাট উপজেলার নয়ামাটি গ্রামের মৃত সমছুর উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানাধীন দাসপাড়া এলাকায় মুসলিম স্কুলের পাশে চেকপোস্ট স্থাপন করে একটি ট্রাক আটক করা হয়। সেখানে তল্লাশী করে পাথরের নিচে ১০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার প্রতি বস্তায় ৪৯ কেজি করে মোট ৪ হাজার ৯০০ কেজি রয়েছে। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮৮ হাজার টাকা। এসময় ৩/৪ সাইজের ২০ ফুট পাথর এবং যেগুলোর আনুমানিক বাজারমূল্য ১ হাজার ৪০০ টাকা।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি ও অজ্ঞাতনামা অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজশে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রেখেছে বলে জানায়। তাকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে আর চিনি জব্দ করা হয়েছে।
