সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা ২৬ জনে দাঁড়াল। এর মধ্যে তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানান, চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নয় মাস বয়সী আকরামুল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮ মাস বয়সী সাইফানের মৃত্যু হয়।
মৃত্যু হওয়া আকরামুল হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আবদুল্লাহপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সাইফান সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া গ্রামের ইমরান মিয়ার ছেলে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ল্যাব পরীক্ষায় কোন শিশুর হাম শনাক্ত হয়েছে। তবে গত ১ জানুয়ারি থেকে ১০ মে সকাল পর্যন্ত ল্যাব পরীক্ষায় প্রমাণিত হাম রোগীর সংখ্যা ১৪২।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১২২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫৪ জন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ২৬৮ জন; তার মধ্যে সর্বোচ্চ ১১৮ জন আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
