বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সমন্বয় সভায় স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে জনবান্ধব প্রশাসন গড়ার তাগিদ

সিলেটের সকাল রিপোর্ট ::
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জনগণের অভিযোগ ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দ্রুত সেবা নিশ্চিত করা, সরকারি সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের ওপরও জোর দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসনের আয়োজনে ‘আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি বিষয়ক সমন্বয় সভায়’ এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত হুইপ ও সংসদ সদস্য আলহাজ মো. জি কে গউছ। জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য রুশদির লুনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন প্রমুখ।

সভায় বলা হয়, দুর্নীতিমুক্ত প্রশাসন শুধু প্রত্যাশার বিষয় নয়, এটি জনগণের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার অংশ। সরকারি সেবায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানি যাতে মানুষের স্বাভাবিক জীবন ও অধিকারকে ব্যাহত না করে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। স্বচ্ছতা সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা তৈরি করে এবং জবাবদিহি সরকারি কার্যক্রমকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলে বলে সভায় উল্লেখ করা হয়।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেওয়া হয়।

বক্তারা বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রকৃত সাফল্য নির্ভর করে সেই উন্নয়নের সুফল কতটা মানুষের কাছে পৌঁছায় তার ওপর। উন্নয়নের সুফল মানুষের জীবনকে সহজ, নিরাপদ ও স্বস্তিময় করতে পারলেই তার উদ্দেশ্য পূরণ হয়।

জনগণের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, সরকারি সেবায় হয়রানি বন্ধ, সরকারি সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকের বিস্তার রোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। এসব কার্যক্রমে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।