সিলেটে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হবে। মেলা উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেলাটি চলবে ৪ মে পর্যন্ত।
জানা যায়, সপ্তাহব্যাপী এ বইমেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভাগীয় বইমেলার মাধ্যমে সিলেটসহ ইতিহাস-ঐতিহ্য, ভাষা, সাহিত্য সংস্কৃতি তুলে ধরা হবে। নতুন প্রজন্মের চিন্তাধারার সাথে তাল মিলিয়ে বইমেলাকে সাজানো হবে। যাতে নতুন প্রজন্ম বই পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠে। বিভাগীয় এ মেলায় লেখক, প্রকাশক ও পাঠকের মধ্যকার এক যোগসূত্র তৈরি করবে।
সপ্তাহব্যাপী এ বইমেলা নগরের রিকাবী বাজারের জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা এবং সরকারি ছুটির দিনে সকাল ১১টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক, প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র এ বইমেলার আয়োজন করবে।
মেলায় জাতীয় পর্যায়ের প্রায় ৫০টির অধিক সরকারি- বেসরকারি ও স্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলার উদ্বোধনের দিন কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত একটি বর্ণাঢ্য গ্রন্থ শোভাযাত্রার আয়োজন করা হবে। এছাড়া মেলায় প্রতিদিন সাহিত্য ও সিলেট বিভাগের ঐতিহ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
মেলাটি সার্থক করার উদ্দেশ্যে বুধবার দুপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বইমেলার প্রস্তুতি সম্পর্কে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
