মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটের সকাল রিপোর্ট ::
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে এক দিনের সফরে এসে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম সিলেট সফর। সফরে তাঁর সহধর্মিনী রাহাত আরা বেগমও সঙ্গে রয়েছেন।

মঙ্গলবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউসে যান। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। সার্কিট হাউসে স্বল্প বিরতির পর দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দরগাহ গেট এলাকায় হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান রাষ্ট্রপতি।

মাজার জিয়ারত শেষে তিনি দেশ ও জনগণের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।

পরে রাষ্ট্রপতি সরাসরি নগরের খাদিমনগরে হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি মাজার জিয়ারত করেন এবং যোহরের নামাজ আদায় করেন।

রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাষ্ট্রপতির চলাচল নির্বিঘ্ন করতে দায়িত্ব পালন করছেন।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।