শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সিলেটের সকাল রিপোর্ট
ডিসেম্বর ১৪, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে নগরের চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা-ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সিলেটের সর্বস্তরের মানুষ।

শনিবার সকালে সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল থেকে ধারবাহিকভাবে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, সিলেট মহানগর ও জেলা বিএনপি, জেলা পরিষদ, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, ইমজা, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বাসদ, খেলাঘর, বাম গণতান্ত্রিক জোট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-সহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পশ্রদ্ধ অর্পণ করে।

সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। এসময় তিনি বলেন, অনৈতিকভারে অধিকার হরণের প্রতিবাদে সোচ্চার ছিলেন শহিদ বুদ্ধিজীবীবৃন্দ। সেকারণে এদিনে হানাদার বাহিনী ও তাদের দোসরদের পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের শিকার হন তাঁরা। আজ পাকিস্তানিরা নেই তারপরও কেন বৈষম্য দূর করতে ছাত্র-জনতাকে প্রাণ দিতে হলো?

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত ডিআইজি নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, সদর উপজেলার নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ।

খান মো. রেজা-উন-নবী বলেন, এ ভূ-খন্ডে আন্দোলনের মাধ্যমে অধিকার ফিরিয়ে আনার অনেক ইতিহাস আছে। মানুষের অধিকার কখনোই হরণ করা যায় না। কোন সরকার যখন অনৈতিকভাবে হরণ করে তখনই মানুষ আন্দোলনের ঝাঁপিয়ে পরে। জুলাই- আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থান তার আদর্শ প্রমাণ।

এছাড়া নিজ নিজ ক্যাম্পাসে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

এছাড়া বিকাল পর্যন্ত নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয় সিলেটে। কর্মসূচির মধ্যে ছিলো- শহীদ মিনার, কবরস্থান ও স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, র‍‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, দোয়া মাহফিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী ইত্যাদি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।