বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে রেলের টিকিট কালোবাজারিতে জড়িত আরএনবির ২ সদস্য আটক

সিলেটের সকাল রিপোর্ট ::
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে স্টেশন এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন সুনামগঞ্জ সদর উপজেলার আবু তাহের ও দিরাই উপজেলার সঞ্জয় দাস। তারা দুজনই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য।

বুধবার সকাল ১১টার দিকে সিলেট সার্কিট হাউসে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে আয়োজিত বিশেষ প্রস্তুতিমূলক সভায় বিষয়টি জানান সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

জেলা প্রশাসক বলেন, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সিলেট রেলওয়ে স্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার রাতে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টিকিট কালোবাজারির অভিযোগে আরএনবির দুই সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ট্রেনের টিকিট, টিকিট সংগ্রহ ও বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল ফোন, ভয়েস মেসেজসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল আলম।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন অনলাইনে অবৈধভাবে ট্রেনের টিকিট সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে কালোবাজারে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে টিকিট কালোবাজারির সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণও পাওয়া গেছে।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে আরএনবির দুই সদস্যকে আটক করা হয়েছে। বর্তমানে তারা রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।