যথাযোগ্য মর্যাদায় সিলেটে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেটের চৌহাট্টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ, সিলেট জেলা প্রশাসন, জেলা পরিষদ, সিলেট রেঞ্জ পুলিশ, সিলেট মেট্টোপলিটন পুলিশ, জেলা পুলিশ, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিলেট জেলা ও মহানগর বিএনপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনগুলো বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্টোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে পৃথক পৃথক আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে মেধাশূণ্য করে রাখার পরিকল্পনা করেছিলো পাকিস্তানি সেনাবাহিনী। এদেশীয় আলবদর- রাজাকাররা এসব হত্যাকান্ডের সাথে সরাসরি যুক্ত ছিলো। দীর্ঘ ৫২ বছরে আমরা এসকল হত্যাকারীদের বিচার করতে পারিনি। ১৯৯৬ সালে এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তবু অনেক ঘাতকদের আমরা বিচারের কাঠগড়া পর্যন্ত আনতে পারিনি।
