সোমবার , ১৮ মে ২০২৬, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক ::
মে ১৮, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট-তামাবিল মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছে। সোমবার (১৮ মে) সকাল ৭টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর করিচেরপুল এলাকায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ১৫-২০ জন তরুণ একটি ব্যানার নিয়ে প্রায় জনশূন্য একটি সড়কে মিছিল করছেন। ব্যানারে লিখা ছিল, “দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায় বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে- স্বদেশ প্রত্যাবর্তন মিছিল।”

ব্যানারের নিচে আয়োজক হিসেবে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম-এর নাম উল্লেখ ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি মূলত জৈন্তাপুর উপজেলার করিচেরপুল এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করা গেছে। তারা হলেন- এমসি কলেজ ছাত্রলীগ নেতা মারুফ আহমদ, জৈন্তাপুর উপজেলার হেমু দাউদপাড়া গ্রামের রুমেল আহমদ, শ্যামপুর গ্রামের এস কে শাহীন আলম, শেখ সাইফুল ইসলাম ও শিকারখাঁ গ্রামের ফাহিম আহমদ।

এ প্রসঙ্গে জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, একটি ঝটিকা মিছিলের খবর এসেছে। তবে এখনো এর সত্যতা মিলেনি। নিষিদ্ধ সংগঠনের কেউ এরকম মিছিল করে থাকলে কোনভাবেই রেহাই পাবে না। অবশ্যই তাদেরকে গ্রেফতার করা হবে। মিছিলের সত্যতা নিশ্চিত হলে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।