সিলেটে ১৫ দিনব্যপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে জেলা প্রশাসনের সহযোগিতায় ও সিলেট বন বিভাগ আয়োজিত “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এই বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।
সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুবর্ণা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। এসময় তিনি বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। কার্বন-ডাই-অক্সাইড বাড়লে আমরা কেউ বাঁচতে পারবো না। কিন্তু গাছ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রেখেছে। সুজলা-সুফলা এই দেশকে আজকের শিক্ষার্থীরা আগামীতে নেতৃত্ব দিবে এবং তারাই নতুন করে গড়ে তুলবে তাদের স্বপ্নের দেশ। মরুভুমিতে কোনো গাছ নেই কিন্তু আমাদের সুজলা-সুফলা দেশে নানান বৃক্ষে সাজানো। এটি মহান সৃষ্টিকর্তার অবদান। এই অবদানকে গুরুত্ব দিয়ে বেশি বেশি গাছ লাগিয়ে মানসম্মত বসবাস যোগ্য সুন্দর একটি দেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।
এসময় স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেটের পুলিশ সুপার মাহবুব রহমান, সিলেট রেঞ্জ ডিআইজি জেদান আল মুসা, সিলেট মেট্টোপলিটন পুলিশের ডিসি নর্থ জাবেদুর রহমান। এছাড়াও বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা, বৃক্ষপ্রেমী, এবং শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে সকাল ১১টায় সিলেট জেলা ষ্টেডিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে মেলা প্রাঙ্গনে শেষ হয় এবং মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীদের হাতে গাছের চারা উপহার তুলে দেন এবং মেলায় অংশগ্রহণকারী স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় নার্সারি ক্যাটাগরি ও নার্সারি উদ্যোক্তাদের হাতে জাতীয় পুরস্কার হিসেবে চেক তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও মেলার সার্বিক সহযোগিতা করে সিলেট নার্সারী মালিক কল্যাণ সংস্থা। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনাথীদের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মেলা।
