সিলেটে ১ হাজার ৪৯ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৭৮৫ পিস ইয়াবা ও ১৪২ বোতল বিদেশী মদ, ৩৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় পণ্য, ৪৭ বস্তা ভারতীয় চিনি আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় ৯ জনকে আটক করা হয়। পুলিশ ও র্যাব তাদের বিভিন্ন অভিযানে এগুলো আটক করেন।
বুধবার সকালে নগরের বন্দরবাজারের রংমহল টাওয়ারের সামনে থেকে একটি ডিআই পিকআপে ২৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় পণ্য সহ ১জনকে আটক করে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। সেখানে পাওয়া যায়- ৪৫৫ পিস বিভিন্ন রংয়ের ভারতীয় শাড়ি, Sunmax Luxury Suiting (24 meter) কাপড়ের রুল ১০ পিস, Super Shine Gwalior (24 meter) কাপড়ের রুল ১৩ পিস, Super Shine COTT PLUS (28 meter) কাপড়ের রুল ০৮ পিস, ANGOORA, Crypto Giza (42 meter) কাপড়ের রুল ০৫ পিস, KEJRIWAL লাল রংয়ের ভ্যালবেট কাপড়ের (47 meter) রুল ১৭ পিস। আটককৃত মো. জাকারিয়া আহমদ (২৬) জৈন্তাপুরের বাসিন্দা। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
গোয়াইনঘাটে ১০ লাখ টাকার ভারতীয় ঔষধসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার তিতারাই এলাকা থেকে একটি প্রাইভেট কার আটক করে পুলিশ। সেখানে তল্লাশি করে ১০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরণের ঔষধ উদ্ধার করা হয়। তখন সুনামগঞ্জের ছাতকের রবিউল ইসলাম (রবিন) (২৩) ও সদরের খলিল শেখ ওরফে খলিল মিয়াকে (৪১) আটক করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার মিডিয়া অফিসার এসআই মো. আজিজুর রহমান।
জৈন্তাপুরে পৃথক ২ টি অভিযানে ২ টি গাড়িতে ৪৭ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের মুক্তাপুর এলাকা থেকে ওই উপজেলার নাজিম আহমেদকে (২৫) একটি ডিআই পিকআপ সহ আটক করে পুলিশ। পরে সেখানে তল্লাশি করে ৩৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। অপরদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টায় সিলেট-তামাবিল মহাসড়কের চৈলাখেল এলাকা থেকে ওই উপজেলার মনিরুজ্জামান সোহাগকে (৩০) একটি সাদা প্রাইভেট কার সহ আটক করে পুলিশ। পরে সেখানে তল্লাশি করে ১২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। তাদের আদালতের মাধ্যমে বৃহস্পতিবার কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার মিডিয়া অফিসার এসআই মো. আশরাফুল আলম।
এদিকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থান থেকে ১ হাজার ৪৯ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৭৮৫ পিস ইয়াবা ও ১৪২ বোতল বিদেশী মদসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার ভোরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ৮৪৯ বোতল ফেনসিডিল সহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব। সে গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা মো. কামাল আহমেদ (৪২)। এছাড়া এদিন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ১৪২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
বুধবার সকালে সিলেটের ওসমানীনগর থেকে ৭ হাজার ৭৮৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করে। তারা হলেন- যশোরের মো. জিয়ারুল ইসলাম (৪৬) ও মো. রহিম বাদশা (৪৫)। আর ওইদিন ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ২০০ বোতল ফেনসিডিল সহ ওই এলাকার বাসিন্দা রতন কাজীকে (৪২) আটক করে।
তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিউর রহমান সোহেল।
