মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩২ জন

ডেস্ক রিপোর্ট
মার্চ ৪, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট বিভাগে ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৩২ জনের প্রাণহানি ঘটেছে। ৩২টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪৪ জন। মঙ্গলবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট জেলায় ও কম হয়েছে মৌলভীবাজার জেলায়। ফেব্রুয়ারি মাসে সিলেট জেলায় ১৪টি সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন, সুনামগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন, মৌলভীবাজার জেলায় ১টি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৮১ জন আহত হয়েছেন।

নিসচা সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৬ জন সিএনজি চালক ও আরোহী ও ৬ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৪ জন, মুখোমুখি সংঘর্ষে ১৫টি দুর্ঘটনায় ১৭ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ২ জন, এসময় ১২ জন চালক নিহত হয়েছেন। এছাড়া ফেব্রুয়ারি মাসে নিহত ৩২ জনের মধ্যে ২৩ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, জানুয়ারি মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।