সিলেটে প্রায় কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবি জানায়, মঙ্গল ও বুধবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, গরু, মহিষ, চকলেট, আইবল ক্যান্ডি, সানগ্লাস, জিরা, ফুচকা, সাবান, আনারসের চারা বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য- ৮৯ লাখ ৪২ হাজার ৬৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
