রবিবার , ১০ মে ২০২৬, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৯

সিলেটে প্রকাশক পরিষদের বইমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক ::
মে ১০, ২০২৬ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

দুই বছরে দুই দফা আয়োজন বাধাগ্রস্ত হওয়ার পর অবশেষে নির্বিঘ্নে প্রকাশক পরিষদ সিলেট আয়োজিত বইমেলা শুরু হয়েছে।

রোববার (১০ মে) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহিদ মিনারের মুক্তমঞ্চে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট সিটি করপোরেশন ও সিলেট জেলা পরিষদের সহযোগিতায় আগামী ১৮ মে পর্যন্ত মেলা চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এর আগে প্রকাশক পরিষদ সিলেট আয়োজিত বইমেলা আয়োজনের অনুমতি দিয়ে আগের দিন বাতিল করেছিল সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ২৪ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বইমেলার আয়োজন করা হয়েছিল।

এসএমপি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ দেখিয়ে এই অনুমতি বাতিল করেছিল। দুই সপ্তাহের তদন্তে বইমেলা নিয়ে ‘কথিত’ অভিযোগের সত্যতা না পেয়ে পুলিশ প্রশাসন বইমেলা করার অনুমতি দিয়েছে।

গত শুক্রবার (৮ মে) বিকেলে প্রকাশক পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বইবিমুখ প্রজন্মকে বইমুখী করতে বইমেলার বিকল্প নেই। বর্তমান সরকার এ ক্ষেত্রে খুবই আন্তরিক। সিলেট অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি এক গৌরবময় ঐতিহ্য বহন করে আসছে। তিনি এ ধরনের বইমেলায় প্রতি বছর সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতা ও সহায়তার প্রতিশ্রুতি দিয়ে প্রকাশক পরিষদের বইমেলার সাফল্য কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শিল্প-সাহিত্য তার গতিতে চলবে। এটিকে রাজনীতিকরণ যেন না করা হয়। সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো বলেন, বইমেলার মতো আয়োজনকে বারবার অপশক্তি রুখে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি। বইমেলায় তিনি সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

প্রকাশক পরিষদ সিলেটের সভাপতি ও ঘাস প্রকাশনের স্বত্বাধিকারী নাজমুল হক নাজুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক ও নাগরী প্রকাশনের স্বত্বাধিকারী সুফি সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন- সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো এবং প্রবাসী শিল্পানুরাগী সৈয়দ জবেদ আহমেদ।

এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের প্রকাশক পরিষদের সদস্য ও চৈতন্য প্রকাশনের স্বত্বাধিকারী রাজীব চৌধুরী ফুল দিয়ে বরণ করে নেন।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার আমলে গত বছর ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি প্রকাশক পরিষদ সিলেট বইমেলা আয়োজন করেছিল। তখনও অনুরূপভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়টি তুলে ধরে মেলা বাতিল করা হয়েছিল।

অন্তর্বর্তী সরকারের পর নির্বাচিত সরকার আমলেও একইভাবে বইমেলার মতো একটি সৃজনশীল আয়োজন বাধাগ্রস্ত হওয়ায় প্রকাশক পরিষদসহ দেশে ও বিদেশে সংস্কৃতি অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেন।

এর পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন বইমেলা ঠেকাতে কথিত অভিযোগটি তদন্ত করে সত্যতা না পাওয়ায় প্রকাশক পরিষদ নেতাদের সঙ্গে বৈঠক করে বইমেলা আয়োজনের তাগাদা দেন। পরবর্তীতে প্রকাশক পরিষদ সিলেট দিনক্ষণ নির্ধারণ করে পুলিশ প্রশাসনকে অবহিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বইমেলা নিয়ে বিগত সময়ের বাধার বিষয়টিও বক্তাদের আলোচনায় উঠে আসে।

সভাপতির বক্তব্যে প্রকাশক পরিষদ সিলেটের সভাপতি ও ঘাস প্রকাশনের স্বত্বাধিকারী নাজমুল হক নাজু বলেন, বইমেলাকে ঘিরে গত দুই বছর যা হয়েছে, তা আমরা ভুলে গেছি এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা এখন বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ভাবছি। বইমেলার মতো সৃজনশীল আয়োজন যাতে টিকে থাকে এবং প্রতি বছর এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি ‘মব সৃষ্টি করে’ বইমেলা বাতিল করার ক্ষেত্রে যারা পুলিশ প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছিলেন, তাদের ধন্যবাদ দিয়ে বইমেলায় আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিরোধিতা করে বরং দেশে ও বিদেশে সিলেট বইমেলার প্রচার হয়েছে। আমরা প্রকাশকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েও বইমেলা করছি, কেবল আয়োজনের ধারা যাতে রক্ষা পায়।

প্রকাশক পরিষদ থেকে জানানো হয়, পরিষদের সদস্যভুক্ত ১৭টি প্রকাশনী সংস্থা বইমেলায় স্টল নিয়ে অংশ নিয়েছে। উদ্বোধনী দিনে কেবল স্টল প্রদর্শন করা হয়। দ্বিতীয় দিন সোমবার থেকে বইমেলার সঙ্গে সাংস্কৃতিক আয়োজন থাকবে। শহিদ মিনার মুক্তমঞ্চে প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলাকালীন নতুন বইয়ের প্রকাশনা উৎসব, নাটক মঞ্চায়নসহ সাংস্কৃতিক আয়োজন চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।