বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ চালক নিহত

ডেস্ক রিপোর্ট
জুন ২৭, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ সুরমা ও ওসমানীনগর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- সুনমাগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা অটোরিকশা (সিএনজি) চালক সাজু মিয়া ও ঢাকার বাসিন্দা প্রাইভেটকার চালক মোহাম্মদ আলী।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ও তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইউনুছ আলী।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের দক্ষিণ সুরমার তেতলী খানুয়া এলাকায় ট্রাক ও অটোরিকশার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা(সিএনজি) চালক সাজু মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন। তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একইদিন সকাল সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের আহমদনগর এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী নামে প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন রামিম আহমদ নামে প্রাইভেটকারের এক যাত্রী।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইউনুছ আলী জানান, ঢাকা থেকে সিলেটে একটি বেসরকারি টিভি চ্যানেল’র মালামাল নিয়ে আসছিল প্রাইভেটকারটি। ওসমানীনগরের আহমদনগর এলাকায় আসা মাত্র বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।