সিলেটে মঙ্গলবার অবরোধ চলাকালে ধাওয়ায় আহত যুবদল নেতা দিলু আহমদ জিলুর (৫০) পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিএনপি। তবে, পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
নিহত দিলু গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক বলে জানিয়েছে পারিবারিক সূত্র।
বিএনপির অভিযোগ, সিলেট-ঢাকা মহাসড়কে মঙ্গলবার সকালে পিকেটিংয়ের সময় পুলিশের একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় দিলু। তাকে গ্রেফতার করে পুলিশ ভ্যানে পুলিশ থানায় নিয়ে আসে। এক পর্যায়ে তার অবস্থার অবনতি হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বেলা দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (এসএমপি) মো: ইলিয়াস শরীফ বলেন, গাছের সাথে ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তি পিকেটার কিনা তা তার জানা নেই। তার জানামতে, পুলিশ সেখানে ছিল না।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী পুলিশী ধাওয়ায় যুবদল নেতাকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
