পাঁচ ঘণ্টা পর সিলেটজুড়ে হঠাৎ ডাকা সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া। তিনি জানান, আমাদের আটককৃত চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এজন্য আমরা অবরোধ প্রত্যাহার করেছি।
এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে প্রথম সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। তারা দাবি করেন- র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ তাদের চারজন শ্রমিক নেতাকে ধরে নিয়ে গেছে। তাদের মুক্তির দাবিতে তারা সড়ক অবরোধ করেন করেন বলে জানান।
সন্ধ্যার পর তারা ঘোষণা দিয়ে জেলার ১৮ টি থানায় অবরোধ কর্মসূচি পালন করেন। এতে করে এসব সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী-সাধারণ। বিশেষ করে ঘণ্টার পর ঘণ্টা পর যানজটে থেকে চরম কষ্টের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধরা। এছাড়াও শ্রমিকরা আটকে রাখেন অনেক রোগীবাহী অ্যাম্বুলেন্স। এতে রোগীরা হয়ে পড়েন আরও অসুস্থ। উপায় না দেখে অনেকে গাড়ি থেকে হাটতে শুরু করেন গন্তব্যে যেতে। যানজট প্রত্যাহারের আগ পর্যন্ত এমন দৃশ্য দেখা যায়।
