সিলেটের শাহপরাণ এলাকার দাসপাড়ায় পাঁচ গ্রামের সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার শাহপরান (র.) থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নগরের শাহপরান (র.) থানার খাদিমপাড়া দাসপাড়ার ৪নং রোডের মো: আজাদ বিন হোসাইন (১৮) ও দুলাল আহমেদ (৪৩), চকগ্রামের আনোয়ার হোসেন (২৯) ও মোশতাক আহমেদ (৪৭) ও দৈতগ্রামের তাজুল ইসলাম (১৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। আটককৃতদের ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারা অনুসারে আদালতে প্রেরণ করা হয়েছে।
এরআগে বুধবার সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহপরাণ এলাকার ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরো ৩ গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘন্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েকশ মানুষ জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইফতারের পরে সংঘর্ষে যুক্ত হয় বংশীধর, বালুটিকর ও হালুপাড়া গ্রামের মানুষ। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
এদিকে সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তদন্ত কমিটি গঠন করে। সংঘর্ষে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দুই সংগঠনের দায়িত্বশীলরা জানান।
