সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ২৬ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ জুলাই) ভোরে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি টিবি গেইট হয়ে পূর্ব শাহী ঈদগাহ এলাকায় অবস্থিত শাহজালাল প্রফেশনাল কলেজের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ পলাতক আওয়ামী লীগ নেতাদের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে তারা দ্রুত ৫ থেকে ৬টি মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে ১৮ জুলাই রাতে এয়ারপোর্ট থানায় মামলা (নং-২৫) দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ওই ঝটিকা মিছিল বের করেন। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর বিভিন্ন ধারায় রুজু করা হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, মিছিলটি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের নির্দেশনায় এবং রঞ্জিত সরকারের অনুসারীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
