সিলেটে ১ কোটি ৬৫ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এগুলো আটক করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বিজিবি জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার শ্রীপুর, তামাবিল, সংগ্রাম, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, উৎমা, মিনাটিলা, কালাইরাগ, কালাসাদেক এবং বাংলাবাজার বিওপি অভিযান পরিচালনা করে ভারতীয় নিভিয়া সফট ক্রিম, গার্নিয়ার ম্যান ফেসওয়াশ, নিভিয়া বডি লোশন, মাই ফেয়ার ক্রিম, ডিইক্লো-এম ট্যাবলেট, শীতের কম্বল, চিনি, চকলেট, সাবান, গরু, ফেন্সিডিল, বাংলাদেশী রসুন, শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক বাজারমূল্য- ১ কোটি ৬৫ লাখ ৯ হাজার ৫০০ টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
