সোমবার , ১৭ আগস্ট ২০২৬, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ট্রিপল মার্ডার: হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি নিহতদের চার সন্তানের

সিলেটের সকাল রিপোর্ট:
আগস্ট ১৭, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের মিতালি আবাসিক এলাকায় সংঘটিত তিনজনের নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন নিহতদের চার সন্তান। সোমবার (১৭ আগস্ট) সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতদের সন্তান আরিফ ইফতেখার, তাহমিনা সাত্তার এনি, সেলিনা সুলতানা শিখা ও তারানা সুলতানা শিমু। আমেরিকা প্রবাসী আরিফ ইফতেখার পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তারা বলেন, নির্মম এই হত্যাকাণ্ডে তারা তাঁদের বাবা-মা এবং পরিবারের একজন ছোট গৃহকর্মীকে হারিয়েছেন। একই সঙ্গে তিনজন আপনজনকে হারানোর ঘটনায় পরিবারটি গভীর শোক ও মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে।

তারা বলেন, চার ভাই-বোনই প্রবাসে বসবাস করেন। তবে তাঁদের জন্মভূমি, শিকড় এবং সবচেয়ে আপন মানুষগুলো ছিলেন সিলেটে। একসঙ্গে তিনজনকে হারানোর এই বেদনা প্রতিটি মুহূর্তে তাঁদের তাড়িয়ে বেড়াচ্ছে। বাবা-মায়ের অপূরণীয় ক্ষতির পাশাপাশি পরিবারের ছোট গৃহকর্মী মেয়েটির মৃত্যুও তাদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে।

তবে এই কঠিন সময়েও দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি আস্থা রাখার কথা জানান নিহতদের সন্তানরা। তারা বলেন, দেশে আইন আছে, প্রশাসন আছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো কাজ করছে—এ বিশ্বাস তাঁদের রয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে মামলা করা হয়েছে উল্লেখ করে তারা তদন্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা প্রকাশ করেন। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে নিহতদের সন্তানরা চারটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, ত্রিমুখী হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদ্ঘাটন করতে হবে,  হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছভাবে পরিচালনা করতে হবে এবং অপরাধীদের আইনের সর্বোচ্চ পর্যায়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, তদন্তের নামে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন। একই সঙ্গে কোনো অপরাধী প্রভাবশালী হওয়ায় যেন আইনের আওতা থেকে বেরিয়ে যেতে না পারে, সেটিও নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে সিলেটের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সংকটের সময়ে মন্ত্রী, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সাংবাদিকরা তাঁদের পাশে দাঁড়ানোয় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষভাবে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিহতদের সন্তানরা ভবিষ্যতেও তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জনসাধারণের সামনে তুলে ধরার আহ্বান জানান।

এ সময় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে তারা বলেন, নিহত ব্যক্তিদের কোনো ছবি যেন সংবাদ, অনলাইন পোর্টাল, ফেসবুক কিংবা অন্য কোনো মাধ্যমে প্রকাশ করা না হয়। পরিবারের জন্য বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও বেদনাদায়ক উল্লেখ করে তারা মানবিকতা ও সংবেদনশীলতার দৃষ্টিকোণ থেকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি এ অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনের শেষে নিহতদের সন্তানরা বলেন, তারা বিশ্বাস করেন সত্য কখনো চাপা পড়ে থাকে না। সময় লাগতে পারে, কিন্তু সত্য একদিন প্রকাশিত হবেই। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্তকরণ এবং দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।