সিলেটের শাহপরাণ এলাকা থেকে রিপা বিশ্বাস (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই এলাকার ইসলামাবাদের কুমারগাওয়ের গৃহবধূর স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিপা কুমারগাওয়ের গোপালের (৩০) স্ত্রী ও জৈন্তাপুরের বেনু বিশ্বাসের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। তিনি বলেন, ধারণা করা হচ্ছে স্বামীর সঙ্গ কলহের জেরে রিপা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে তাকে নিয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজন খাদিমপাড়া শাহপরাণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে আত্মীয়-স্বজন পুলিশকে না জানিয়ে মৃতদেহ বাড়িতে নিয়ে গিয়ে মৃত্যুর সংবাদটি গোপন করেন। এলাকাবাসী মধ্যে বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় শাহপরাণ থানা পুলিশকে খবর দেয়। মৃতদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।
পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
