মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য সহ আটক-৪

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৮, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- বাঘেরহাটের রামপালের তরফদার জালালের ছেলে সিরাজুল ইসলাম (২৬) ও একই এলাকার মো. বক্কার মোল্লার ছেলে শিমুল মোল্লা (২৭) এবং এয়ারপোর্টের পীরেরগাঁও এলাকার আব্দুর রশিদের ছেলে নবী হোসেন (২৬) ও শাহপরান (র.) থানার বালুচরের তাহির আলীর ছেলে মো. মোজাহিদ (৩০)।

পুলিশ জানায়, রোববার মধ্যরাতে সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন সুরমা গেইট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের পাশে চেকপোস্ট করাকালে ১ টি হলুদ ও নীল রংয়ের লালন শাহ ট্রান্সপোর্ট লেখা কার্ভাড ভ্যান আটক করা হয়। সেখানে তল্লাশী করে ১৪ লাখ ৯৬ হাজার ৪৪০ টাকা মূল্যের ৪ হাজার ৫৩৬ পিস Red Bull ENERGY DRINK, ৬ লাখ ৪৮ হাজার টাকার ১৪ হাজার ৪০০ পিস NEHA Fast Colour মেহেদী, ২৮ লাখ ৮০ হাজার টাকার ৪ হাজার ৮০০ পিস ST ব্রান্ডের চশমা, ৬ লাখ ১২ হাজার টাকার ১ হাজার ২০ পিস Ten-London EYEWEAR ব্রান্ডের চশমা, ১০ লাখ ৬২ হাজার টাকার ৩৫৪ পিস ভারতীয় শাড়ী, ৬ লাখ ৭ হাজার ২০০ টাকার ২৭৬ পিস ভারতীয় থ্রি-পিছ, ১ লাখ ১৫ হাজার টাকার ২৩ পিস ভারতীয় লেহেঙ্গা, ৩৩ হাজার ৬০০ টাকার ৪২ পিস ভারতীয় জামা (ছোটদের টু-পিস) পাওয়া যায়। সবগুলোর মূল্য ৭৪ লাখ ৫৪ হাজার ২৪০ টাকা। সেখান থেকে ২ জনকে আটক করা হয়।

এদিকে ওইদিনই এয়ারপোর্ট থানা এলাকার কোম্পানীগঞ্জ টু সিলেটগামী মহাসড়কের বড়শলা সাকিনাস্থ ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়ের সামনে চেকপোস্ট করাকালে একটি রেজিষ্ট্রেশনবিহীন পিকআপসহ ২ জনকে আটক করা হয়। ওই পিকআপে তল্লাশী করে সেখান থেকে ২৮ হাজার ৮ পিস বিভিন্ন ব্রান্ডের ভারতীয় চকলেট, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা উদ্ধার ও চোরাচালান কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।