সিলেট নগরীর আম্বরখানা দর্শনদেউড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যসহ (বুঙ্গার মাল) একটি কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে আবদুস শুকুর (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. আবদুল আজিজের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটককৃত আবদুস শুকুর সিলেটের জৈন্তাপুর উপজেলার উপর সামপুর গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দর্শনদেউড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান আটক করে। পরে তল্লাশি চালিয়ে গাড়িটির ভেতর থেকে ৬০ বস্তায় ১৮০০ কেজি ভারতীয় জিরা এবং ১৫ বস্তায় ৭৫০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ২৫ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে এসব পণ্য বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। এই চোরাচালানের ঘটনায় আটককৃত ব্যক্তিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। চোরাচালান রোধে নগরজুড়ে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
