সিলেটে থানা পরিদর্শনে এসে লালগালিচা দেখে ক্ষেপে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা এ নিয়ে এতোটাই ক্ষুব্ধ ছিলেন যে, তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের লালগালিচা উঠিয়ে নিতে বলেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সিলেটের এয়ারপোর্টথানা (বিমানবন্দও) থানা পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তার সফরসূচি উপলক্ষে থানা চত্বরে বিছানো হয় লালগালিচা। এ নিয়ে চরম ক্ষুব্দ হন উপদেষ্টা। তিনি সালামি পর্যন্ত নেননি।
সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা আইন নিজের হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, সিলেটে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলাকারীদের এরই মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। অন্যায়কারীদের কোন ছাড় নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এখনো সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার। লুট হওয়া অস্ত্র বাহিরে থাকলে নিরাপত্তার হুমকি থাকবে-এটা স্বাভাবিক বলে তার মন্তব্য।
উপদেষ্টা আরো বলেন, এখনো পুলিশকে পুন:র্গঠন করা যায় নি। ৫ আগস্টের সময় অনেক গাড়ি, থানা পুড়েছে। এখনো তাদের একটি গাড়িও কিনে দেওয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলে এই ব্যবস্থার আরো উন্নয়ন হবে।
উপদেষ্টা বলেন, আগের থেকে আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। মব জাস্টিস পুলিশ ভয় পাচ্ছে না। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে নতুন কোন আপডেট নেই।
