সিলেটে আবারো ট্রাকভর্তি ভারতীয় চোরাচালানের চিনির একটি বড় চালান আটক করেছে পুলিশ। সোমবার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানা এলাকার দক্ষিণ নৈকাই এলাকা থেকে ৩৩৪ বস্তা চিনি যার বাজারমূল্য ২০ লাখ টাকার চিনির চালান আটক করা হয়। এসময় একজনকে আটক করা হয়েছে এবং একটি ট্রাক জব্দ করা হয়েছে।
আটককৃত মো. শহিদুল ইসলাম সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক চোরাকারবারীদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, ভারতীয় সীমান্তবর্তী সিলেটের গোয়াইনঘাট থেকে অবৈধভাবে বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ট্রাকে করে ভারতীয় চিনি ভর্তি ১ টি ট্রাক আসে। পরে গাড়ির চালক জিজ্ঞাসাবাদে পুলিশকে গাড়িতে ভারতীয় চিনি থাকার কথা জানালে গাড়িটি তল্লাশী করে বিভিন্ন রংয়ের প্লাষ্টিকের বস্তায় ৩৩৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার প্রতি বস্তার ওজন ৫০ কেজি করে মোট ১৬ হাজার ৭০০ কেজি। যার বাজারমূল্যে ২০ লাখ ৪ হাজার টাকা। এসময় এগুলো বহনের কাজে জড়িত থাকায় ১ টি হলুদ নীল রংয়ের ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-০৯৭০) জব্দ করা হয়। ,
এসময় মো. শহিদুল ইসলাম পুলিশকে জানায়, এঘটনায় পলাতক আসামী সাহেল মোল্লা (৪৫) সহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে নিয়ে জব্দকৃত ভারতীয় চিনি অবৈধভাবে সীমান্তবর্তী গোয়াইঘাট এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে এনে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করার উদ্দেশ্যে পরিবহণ করছিল।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই সিলেটে ভারতীয় চোরাই চিনির চালান আটক করছে পুলিশ।
