শুক্রবার , ৫ এপ্রিল ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আবহাওয়া অফিস গণহত্যা দিবস পালিত

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ৫, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট আবহাওয়া অফিস গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার দুপুরে সিলেট আবহাওয়া অফিসের গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা কমিটি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের নেতৃবৃন্দ। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন- যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ-সভাপতি বিশ্বপা ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক থাময় সিংহ, প্রচার প্রকাশনা সম্পাদক শুভ্র দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাবেক সভাপতি সপ্তর্ষি দাস, বর্তমান সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, কোষাধ্যক্ষ সন্দীপ দাস প্রমুখ।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ৩০ লাখ শহীদের আত্মত্যাগে যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিলো, তা এখনো পূরণ হয়নি। তাই এই দিনের শপথ হোক জনগণকে সাথে নিয়ে ভাত-ভোটের অধিকার আদায়ের সাথে সাথে সাম্প্রদায়িক শক্তিকে বিনাশ করে মুক্তিযুদ্ধের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো।

এ সময় আবহাওয়া অফিস গণহত্যা দিবসকে আরো বিসৃত পরিসরে পালনের আহবানও জানান তারা।

জানা যায়, ১৯৭১ সালের ৫ এপ্রিল সিলেট আবহাওয়া অফিস টিলায় মুক্তিযুদ্ধের কৌশলগত কারণে তৎকালীন ইপিআর, পুলিশ বাহিনী এবং মুক্তিযোদ্ধারা জড়ো হতে থাকেন। মজুদ হতে থাকে অস্ত্র আর গোলাবারুদ। মুক্তিযোদ্ধাদের এ অবস্থানের কথা পাকিস্তানী হানাদার বাহিনী জানতে পেরে শুরু করে আক্রমণ। আক্রমণ প্রতিহত করতে মুক্তিযোদ্ধারা পাল্টা গুলি ছুড়েন। গুলাগুলি চলে উভয় পক্ষ থেকে। যুদ্ধের এক পর্যায়ে গোলাবারুদের মজুদ শেষ হয়ে যাওয়ায় পিছু হঠতে বাধ্য হন মুক্তিযোদ্ধারা। থেমে যায় যুদ্ধ। কিন্তু পাকিস্তানী হানাদার বাহিনী অবস্থা বুঝে ঘিরে ফেলে সিলেট আবহাওয়া অফিসের পুরো টিলা। সেখানে কর্মরত ছিলেন কয়েকজন কর্মচারী ও কর্মকর্তা। কিছু বুঝে উঠার আগেই লাইনে দাঁড় করিয়ে গুলি চালায় হানাদার বাহিনী। তখন শহীদ হন আব্দুস সবুজ খন্দকার, আমিনুল হক, আনোয়ার হোসেন, আবু তাহের, জামাল হোসেন , মমতাজ উদ্দিন, আকলিম উদ্দিন, রেনু মিয়া, আকদ্দছ আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।