সিলেটে আওয়ামীলীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রধান আহব্বায়ক ও তার সহযোগীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিহুর রহমান সোহেল
আটককৃতরা হলেন- সিলেটের বিমানবন্দর আবাসিক এলাকার আয়েশ উদ্দিনের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব (২৫) এবং কাকুয়ারপাড়ের পরিমল দেবনাথের ছেলে ও সহ-সাংগঠনিক সম্পাদক মিঠুন দেবনাথ (২৪)।
র্যাব জানায়, সোমবার সকালে সিলেট শহরে আওয়ামীলীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রধান আহব্বায়ক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব ও তার একজন সহযোগীকে র্যাব-৯ ওইদিন রাত সাড়ে ১১ টায় এসএমপির কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে আটক করা হয়। তাদের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালী থানায় মামলা চলমান রয়েছে (কোতোয়ালী থানার এফআইআর নং-১৬/৪৫৫, তারিখঃ ১০ অক্টোবর ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩০৭/১০৯/১১৪ পেনাল কোড ১৮৬০; ও কোতয়ালী থানার এফআইআর নং-৩৯/৪৩৮, তারিখঃ ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ পেনাল কোড ১৮৬০;)।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামীদেরকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে র্যাব এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে সোমবার সকাল ৭টার দিকে কয়েকজন যুবক মুখে কালো মাস্ক পরে একটি ব্যানার নিয়ে পূর্ব দরগাহ গেট এলাকা থেকে মিছিল শুরু করেন। ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। মিছিলে থাকা যুবকেরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে পূর্ব দরগাহ গেইট এলাকা থেকে শুরু করে ৪-৫ মিনিটের মধ্যেই চৌহাট্টা মোড়ে গিয়ে শেষ করেন।
