সিলেটে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় চিনির চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার।
বিজিবি জানায়, মঙ্গলবার সকালে কানাইঘাট-দরবস্ত সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি টহল দল সন্দেহভাজন বালু ভর্তি একটি ট্রাককে সিগন্যাল দেয়। এই ট্রাকটি বিজিবি’র সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল চলন্ত ট্রাকটিকে ধাওয়া করে ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক পালিয়ে যায়। ট্রাকের ওপরে থাকা বালু তল্লাশী করে সেখানে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ৩১৯ বস্তা (১৫,৯৫০ কেজি) ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার জানান, আটককৃত ভারতীয় চিনি শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
