শুক্রবার , ২৯ মে ২০২৬, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের শাহী ঈদগাহে লাখো মুসল্লির ঈদুল আযহার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক ::
মে ২৯, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে প্রতিবারের ন্যায় এবারও উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। লাখো মুসল্লিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই জামাত শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, ঐক্য এবং বিশেষ করে ফিলিস্তিনসহ সারাবিশ্বে নির্যাতিত মুসলমানদের রক্ষায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে আল্লাহর সাহায্য কামনায় মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন।

সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও নামাজের আগমুহূর্তে স্বল্প সময়ের জন্য হালকা বৃষ্টি হয়। বৃষ্টিতে ভিজেই মুসল্লিরা প্রধান জামাতে অংশ নেন। সকাল ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শুরুর অনেক আগে, সকাল ৬টা থেকেই সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ঈদগাহে আসতে শুরু করেন। নির্ধারিত সময়ের আগেই বিশাল ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মূল মাঠ ছাড়িয়ে উত্তর, দক্ষিণ ও পূর্ব পাশের দূর-দূরান্তের সড়কেও মুসল্লিদের দীর্ঘ সারি চলে যায়।

নামাজ শুরুর আগে মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান। এরপর ঠিক সকাল ৮টায় ঈদের নামাজে ইমামতি করেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।

সিলেটের প্রধান এই ঈদ জামাতে সাধারণ মানুষের পাশাপাশি অংশ নেন সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। নামাজে শরিক হন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। শাহী ঈদগাহ ও এর আশপাশের এলাকাকে চার স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে দেওয়া হয়। নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে সক্রিয় ছিল সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মোবাইল টিম এবং ট্রাফিক পুলিশ। এছাড়া পুরো এলাকা জুড়ে ড্রোন নজরদারি এবং রুফটপ ইউনিটের (ভবনের ছাদে অবস্থান) মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

জেলা ও মহানগর পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, এবার সিলেট জেলা ও মহানগর মিলিয়ে ঈদুল আযহার মোট ২ হাজার ৭০৬টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সিলেট মহানগর এলাকায় ৩৯৬টি (৩২৫টি মসজিদ ও ৭১টি ঈদগাহ) এবং সিলেট জেলা জুড়ে ২ হাজার ৩১০টি (১ হাজার ৯৯০টি মসজিদ ও ৩২০টি ঈদগাহ) জামাত অনুষ্ঠিত হয়। সবকটি জামাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সক্রিয় ও সতর্ক অবস্থানে ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।