সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রক্টর ও এক পরিচালক পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা পৃথকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা হলেন- প্রক্টর ড. মো. মনিরুল ইসলাম ও ছাত্র পরিমর্শক ও নির্দেশনা পরিচালক ড. মোহাম্মদ আতিকুজ্জামান।
প্রক্টর মো. মনিরুল ইসলাম জানান, আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। কি কারণে পদত্যাগ করছেন জানতে চাইলে তিনি মন্তব্য করেতে রাজি হননি।
অপরদিকে, ছাত্র পরিমর্শক ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান জানান, আমি একদিকে বিভাগীয় প্রধান আর অপরদিকে ছাত্র পরিমর্শক ও নির্দেশনা পরিচালক। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আরো ৮/১০ টি কমিটিতে আছি আমি। একসাথে এসব কিছু পালন করতে গিয়ে নিজের পরিবারকেও সময় দিতে পারতেছি না। কাজের চাপও বেশি। তাই একইসঙ্গে একাধিক দায়িত্ব পালন করা কষ্টকর। সেজন্য আমি ছাত্র পরিমর্শক ও নির্দেশনা পরিচালকের পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব জানান, উনারা বুধবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তারা পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। তবে এখনো এটির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নি।
