শুক্রবার , ২০ জুন ২০২৫, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১২
আজকের সর্বশেষ সবখবর

শাবিপ্রবি ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, ২ সহপাঠী গ্রেপ্তার

শাবিপ্রবি প্রতিনিধি
জুন ২০, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণের অভিযোগে দুই সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে একজনকে ক্যাম্পাস থেকে এবং অন্যজনকে সুরমা আবাসিক এলাকা থেকে আটক করা হয়। পরে শুক্রবার তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী ছাত্রী।

অভিযুক্তরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ।

জানা গেছে, ঈদের আগে রিকাবীবাজারে একটি কনসার্টে যাওয়ার আগে ভুক্তভোগী শিক্ষার্থীকে পূর্ব পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে অচেতন করে সুরমা আবাসিক এলাকার একটি মেসে নিয়ে যান শান্ত ও স্বাগত। পরে রাতভর তাঁকে নির্যাতন এবং ভিডিও ধারণ করেন।

সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর সংজ্ঞা ফিরলে তিনি নিজেকে শোচনীয় অবস্থায় অভিযুক্তদের কক্ষে আবিষ্কার করেন। তখন দুজন মেয়েটিকে জানান, তাঁরা তাঁকে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ও ছবি ধারণ করেছেন। এরপর সেই ভিডিও ও ছবি দিয়ে তাঁরা ভুক্তভোগীকে নিয়মিত ব্ল্যাকমেইল করতে থাকেন।

ভুক্তভোগী শিক্ষার্থী পরে ঘটনাটি এক সহপাঠীকে জানালে তা কয়েকজনের মধ্যে জানাজানি হয়। শেষে প্রক্টরিয়াল বডি ও পুলিশের সহায়তায় অভিযুক্তদের আটক করে প্রক্টরের কার্যালয়ে নিয়ে আসা হয়। এরপর তাঁদের পুলিশের হেফাজতে দেওয়া হয়।

অভিযুক্তদের মধ্যে শান্ত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলার আসামি। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের হয়রানি, ক্যাম্পাসে বিশৃঙ্খলাসহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অপর দিকে স্বাগত বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন দিক থিয়েটারের কোষাধ্যক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ইসমাইল হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাই। অভিযোগ পাওয়ার ২ ঘণ্টার মধ্যে ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের (অবস্থান) শনাক্ত করে প্রক্টর অফিসে হাজির করা হয়।’

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।