শান্তিগঞ্জে দোকানের কাস্টমার নিয়ে কথা কাটাকাটির জেরে আপন ভগ্নিপতি কামাল মিয়ার হাতে আলাউদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের নায়নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন নায়নগর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামাল মিয়া ও আলাউদ্দিনের দোকান পাশাপাশি। কামাল নিহত আলা উদ্দিনের ছোট বোনের স্বামী। তিনি নায়নগর গ্রামে জামাতা হিসেবে থাকতেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় স্কুল ছাত্রী সুমা খাবার কিনার জন্য আলাউদ্দিনের দোকানের সামনে দিয়ে কামালের দোকানে আসে। তখন কামাল আলা উদ্দিনকে বলে তুমি আমার দোকানের কাস্টমার কেনো আটকাও। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কামাল তার দোকানে রাখা স্টিলের টুল দিয়ে আলা উদ্দিনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে এনেছি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কামালকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
