শনিবার , ৩০ মে ২০২৬, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪১

শহর পরিচ্ছন্ন রাখা শুধু সরকার নয়, নাগরিকেরও দায়িত্ব: প্রধানমন্ত্রী

সিলেটের সকাল ডেস্ক ::
মে ৩০, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বিদেশের ঝকঝকে সড়ক দেখে যারা আক্ষেপ করেন, তাদের উদ্দেশে নাগরিক সচেতনতার এক অনন্য বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু সিটি করপোরেশন বা সরকারের একার নয়, বরং প্রতিটি নাগরিকেরই। রাস্তাঘাট পরিষ্কার রাখতে মন্ত্রী, এমপি বা মেয়র হওয়ার প্রয়োজন নেই, কেবল ব্যক্তিগত সচেতনতাই যথেষ্ট।

শনিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রাজধানীর জুরাইন ও খিলগাঁও এলাকার কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিকদের অত্যন্ত সহজ ও প্রাত্যহিক উদাহরণ দিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন:

“যে দেশের রাস্তাঘাট পরিষ্কার, সে দেশের সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা যেমন কাজ করেন, তেমনি সে দেশের মানুষও যেখানে–সেখানে ময়লা ফেলেন না। এ কাজ করতে সরকারের কেউ হওয়ার দরকার নেই। এমপি, মন্ত্রী, মেয়র বা ওয়ার্ড কমিশনার হওয়ার দরকার নেই।”

নাগরিকরা কীভাবে ভূমিকা রাখতে পারেন, তা উল্লেখ করে তিনি বলেন, “ময়লাটা আপনার পকেটে নিয়ে নেন। যদি টিস্যু পেপার থাকে, কিছু থাকে, ময়লা নেন। বাদাম খাবেন, তখন বাদামের খোসাটা এমনভাবে এক জায়গায় ফেলেন, যাতে জায়গাটা ময়লা না হয়।”

পোশাকে দাগ লাগার সাথে শহর নোংরা হওয়ার তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, পরিষ্কার শার্টে চা বা খাবারের দাগ পড়লে যেমন খারাপ লাগে, তেমনি নিজের বসবাসের জায়গা ময়লা থাকলেও অস্বস্তি হওয়া উচিত। সবাই মিলে আন্তরিকভাবে চেষ্টা করলে দেশকে সুন্দরভাবে গুছিয়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে আজ সকালে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচিতে একে একে যোগ দেন তিনি।

যেসব এলাকায় বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়: মানিক মিয়া অ্যাভিনিউ ও শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ এলাকা ও পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর ও কুড়িল বিশ্বরোড, ফুজি ট্রেড সেন্টার ও জোড়পুকুর খেলার মাঠ, বাংলাবাজার, যাত্রাবাড়ী, খিলগাঁও ও জুরাইন, ধানমন্ডি এলাকা। এছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত পৃথক কর্মসূচিতেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।