শর্তসাপেক্ষে সিলেটের জাফলং ও রাতারগুল পর্যটন কেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা সাপেক্ষে এ দুটি পর্যটন কেন্দ্র খুলে দিতে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-কে নির্দেশনা দেয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বাকি পর্যটন কেন্দ্রসমূহও খুলে দেয়া হবে। ভোলাগঞ্জ সাদা পাথর পর্য টন কেন্দ্র খোলার বিষয়ে আজ বিকেলে সিদ্ধান্ত আসছে বলে সেখানকার ইউএনও জানিয়েছেন।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম জানান, গোয়াইনঘাট উপজেলার সবকটি পর্যটন কেন্দ্রে সহকারী কমিশনার( ভুমি) সাইদুল ইসলামের নেতৃত্বে প্রশাসের একটি প্রতিনিধি দল কয়েক দফা পরিদর্শন করেন। তাদের পজিটিভ রিপোর্টপ্রাপ্তি সাপেক্ষে রোববার বেলা ১টা থেকে খুলে দেয়া হচ্ছে এ দুটি ট্যুরিস্ট স্পট। জাফলং পর্যটন স্পটে নৌ-চলাচলের রুটে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সকল বোট মালিক, নৌ চালক-মাঝিদেরকে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেট এর ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। জাফলংয়ে পিয়াইন নদীর পানির গভীরতা ও স্রোত বিবেচনায় সাঁতার জানে না এবং ১২ বছরের কম বয়সীদের নিয়ে জাফলং ট্যুরিস্ট স্পটে নৌকায় চলাচল না করারও অনুরোধ ইউএনও’র। ট্যুরিস্ট পুলিশকে পর্যটন স্পটে পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতেও বলা হয়েছে বলে জানান।
কোম্পানীগঞ্জের ইউএনও সুনজিত কুমার চন্দ বলেন, ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পট খুলে দেয়ার বিষয়ে রোববার বিকেলে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সভা হবে। এরপর এটি খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জ ানান তিনি।
প্রসঙ্গত, বন্যার কারণে গত ১৮ জুন থেকে সিলেটের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ৫ দিন পর পর্যটন কেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্ত এলো।
