সোমবার , ১২ জুন ২০২৩, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪২
আজকের সর্বশেষ সবখবর

লক্ষাধিক ভোটের ব্যবধানে খুলনায় তালুকদার খালেকের হ্যাটট্রিক

ডেস্ক রিপোর্ট
জুন ১২, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক। সব কেন্দ্রের ভোট গণনা শেষে ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

সোমবার (১২ জুন) মোট ২৮৯ কেন্দ্রের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে টানা তৃতীয়বারের মত খুলনা সিটির মেয়র হলেন তালুকদার আব্দুল খালেক।

এর আগে, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়েছে নগরবাসী।

এবার কেসিসি নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী, ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডের দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ হাজার ৩০০ সদস্য মোতায়েন করা হয়েছে। সবমিলিয়ে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্বাচনকে ঘিরে খুলনায় বিজিবির ১১ প্লাটুন সদস্য ছাড়াও নির্বাচনি মাঠে আছেন ৪৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

কেসিসির মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির (জাপা) শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল আউয়াল (হাতপাখা), জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল) ও স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান (দেয়াল ঘড়ি)।

এবারের নির্বাচনে কেসিসির মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা দুই লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটারের সংখ্যা দুই লাখ ৬৬ হাজার ৬৯৬ জন। ভোটাররা ২৮৯টি ভোটকেন্দ্রের এক হাজার ৭৩২টি কক্ষে ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।