রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় ১ জনের সাক্ষ্যগ্রহণ
সিলেটে রায়হান আহমদ (৩৪) হত্যাকাণ্ডের ঘটনায় ১জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ এ. কিউ. এম. নাসির উদ্দীনের আদালতে সাক্ষ্য দেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন। এনিয়ে এখন পর্যন্ত ৬৯ জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন ৫৬ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন রায়হান হত্যা মামলার বাদীপক্ষের প্রধান আইনজীবী ব্যরিস্টার মোহাম্মদ আবুল ফজল চৌধুরী। তিনি জানান, বাকিদের সাক্ষ্য গ্রহণও পর্যায়ক্রমে সম্পন্ন হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হানকে নির্যাতন করা হয়। পরদিন সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
রায়হান আহমদ সিলেট নগরের আখালিয়া নেহারিপাড়ার বাসিন্দা ছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশের নির্যাতনেই তাঁর মৃত্যু হয়েছিল। রায়হান আহমদ (৩৪) হত্যার তিন বছর পূর্ণ হয়েছে গত বুধবার।
