বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫১
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩ জন আটক

হবিগঞ্জ প্রতিনিধি ::
জুন ১৮, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী মোহনপুর এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীন ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের শ্রী সন্তোষ চন্দ্র দেবের ছেলে শ্রী উজ্জ্বল চন্দ্র দেব (৩৫), মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. মোশারফ হোসেন (২৮) এবং একই উপজেলার মোহনপুর গ্রামের মো. মিলন মিয়ার ছেলে মো. রাহুল (২২)।

জিজ্ঞাসাবাদে আটক উজ্জ্বল চন্দ্র দেব জানান, ভারতের আগরতলায় বসবাসরত তার অসুস্থ বোনকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে তিনি ১০ হাজার টাকার বিনিময়ে মোশারফ ও রাহুলের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এ সময় বিজিবির টহল দল তাদের হাতেনাতে আটক করে। আটকদের কাছ থেকে বাংলাদেশি ৫০০ টাকা, ভারতীয় ৩০০ রুপি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জব্বার বলেন, “মাধবপুর সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে বিষয়ে বিজিবি বদ্ধপরিকর। অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বিজিবি আটকদের থানায় সোপর্দ করার পর তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।