শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৭
আজকের সর্বশেষ সবখবর

মাটিচাপায় নছিরের পরিবারের সব স্বপ্ন দুঃস্বপ্ন!

লবীব আহমদ
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

# দেশে ফিরে বিয়ে করা হলো না তেরা মিয়ার।

পরিবারের হাল ধরতে ৩ মাস পূর্বে সৌদি আরবে পাড়ি জমান নছির উদ্দিন। নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান নছির ৪ ভাইয়ের মধ্যে সবার বড়। পরিবারের কোনো জায়গা-জমি না থাকায় ঋণ করে বড় ছেলেকে বিদেশে পাঠান তাঁর বাবা। সেখানে ২ মাস বেকার থেকে কাজ শুরু করেন মাসখানেক হলো। ভাবছিলেন প্রথম মাসের বেতন পেয়ে বাড়িতে পাঠাবেন আর ধীরেধীরে ঋণ শোধ করবেন।তার পূর্বেই সব স্বপ্ন মাটিচাপায় দুঃস্বপ্নে রূপ নিলো। চারদিকে অন্ধকার দেখছেন নছিরের পরিবারের সদস্যরা। একমাত্র কর্মক্ষম ছেলের নির্মম মৃত্যুর খবরে বাবা-মা পাগলপ্রায়।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় সৌদি আরবের রিয়াদের বলির্বাড এলাকার আলবাওয়ানী কাজের সাইটে কাজ করতে গিয়ে মাটিচাপায় ২ প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এসময় আরো ৪ জন আহত হয়েছেন। তার মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। মারা যাওয়া নছির উদ্দিন (২৩) সিলেটের গোয়াইনঘাট উপজেলার নোয়াগাও গ্রামের ফরিদ মিয়ার ছেলে ও কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের সুন্দাউরা গ্রামের মৃত তাহির আলীর ছেলে তেরা মিয়া (৩০)। গুরুতর আহত অপর ২ জন হলেন- গোয়াইনঘাটের আঙ্গারজুরের নুরুল আমিন ও কোম্পানীগঞ্জের রাজিব আহমদ। তারা সৌদি আরবের কিং খালিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের দুজনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বার বার মূর্ছা যাচ্ছেন তাদের স্বজনরা।

নছির উদ্দিনের বোনজামাই এইচ কে শরীফ সালেহীন জানান, পরিবারের অভাব দূর করতে তিন মাস আগে নিজের বড় ছেলেকে প্রবাসে পাঠান নছিরের বাবা। সে সেখানে বেকার থেকে কাজ পাওয়ার মাসখানেকের মাথায় মাটিচাপায় মারা যায়। এখন তার বাবা-মা পাগলপ্রায় অবস্থায় আছেন। কত আশা নিয়ে নছিরকে বিদেশ পাঠিয়েছিলেন। ভাবছিলেন বড় ছেলের দ্বারা তার পরিবারের অভাব মোচন হবে। সেই অভাব দূরীকরণের পূর্বেই তাকেই এভাবে চলে যেতে হলো। এদিকে তার বিদেশে যেতে গিয়ে করা ঋণ কিভাবে শোধ করবেন তার বাবা, সেটা নিয়েও তৈরি হয়েছে দুশ্চিন্তা। ঋণ শোধ করার জন্য যে জায়গা বিক্রি করবেন, সেটাও নেই। তার লাশটি দেশে আনার জন্য প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী সহ সকলের সহযোগিতা কামনা করি।

তেরা মিয়ার প্রতিবেশী সেলিম উদ্দিন জানান, তেরা মিয়া ৫ ভাইয়ের মধ্যে সবার ছোট। আট বছর পূর্বে তিনি প্রবাসে পাড়ি জমান। নতুন ঘরবাড়িও তৈরি করেছিলেন। সামনের ঈদের পরে তার দেশে ফিরে বিয়ে করার কথা ছিল। এমতাবস্থায় বৃহস্পতিবার একটি দুর্ঘটনায় তিনি মারা যান। তার লাশটি দেশে ফিরিয়ে আনতে সবার সহযোগিতা কামনা করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।