বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:২০

ভিসানীতিতে কোনো চাপ নেই: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ভিসা নীতিতে সরকার কোনো চাপ অনুভব করছে না। অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য সরকার অঙ্গিকারবদ্ধ। আমাদের স্বাধীন নির্বাচন কমিশন আছে। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। এবং বাংলাদেশের মানুষ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের পরবর্তী সরকার নির্বাচন করবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভিসা নীতি কোনো প্রভাব ফেলবে না। যেসব দেশ ভিসা নীতি দেয়, তারা আরও আগ্রহী বিদেশী শিক্ষার্থী নিতে। তাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয় বিদেশী শিক্ষার্থীর ফি’র ওপর নির্ভরশীল।

বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, পুরনো স্কুলগুলোতে মাঠ রয়েছে। কিন্ডারগার্টেনে মাঠ নেই। স্কুলের জন্য মাঠ থাকা জরুরি। মহানগরে জমি পাওয়া দুঃসাধ্য ব্যাপার। সব জায়গায় স্কুল হচ্ছে, কিন্তু খেলাধুলার জন্য কোনো মাঠ নেই। অনেক জায়গায় খেলার মাঠ থাকলেও অনেকে সেটা আটকে রেখে দিচ্ছে। আমরা স্কুল অনুমোদন দিলে খেলাধুলার জায়গা দেখে অনুমোদন দেই।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রমা বিজয় সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ঢাকার মহাপরিচালক হাবিবুর রহমান, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জোবায়েদুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।